জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজে বড় পরিসরে সবুজায়ন: উপাচার্য
ছবিঃ সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত সব কলেজই বড় পরিসরের সবুজায়ন কর্মসূচির আওতায় আসবে। পরিবেশ সুরক্ষা ও জলবায়ুর ভারসাম্য রক্ষার লক্ষ্যে এটি করা হবে।
আজ বুধবার সকালে কক্সবাজার সিটি কলেজ পরিদর্শনের পর আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি ছিলেন; সেখানে দেওয়া বক্তব্যে বিষয়টি জানান উপাচার্য।
ড. আমানুল্লাহ বলেন, অধিভুক্ত কলেজগুলোতে বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব কার্যক্রম জোরালো করা হবে। সরকারের পরিকল্পনার সঙ্গে সংগতি রেখে এ কাজ করা হবে, যার লক্ষ্য আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা।
সভায় তিনি শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের জন্য কলেজে ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠার নির্দেশনা দেন। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ১২ হাজার গাছ লাগানোরও নির্দেশনা দেন।
উপাচার্য প্রযুক্তিনির্ভর প্রশাসনিক সংস্কারের প্রসঙ্গও তোলেন। তিনি জানান, ডিজিটাল, ক্যাশলেস ও পেপারলেস ব্যবস্থার পথে দ্রুততম সময়ে এগিয়ে চলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রযুক্তিভিত্তিক আধুনিক ব্যবস্থাপনার সাহায্যে শিক্ষার্থীদের দেওয়া প্রাতিষ্ঠানিক সেবাকে করা হচ্ছে আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ।
সেশনজট কমানোয় সাফল্যের কথা উল্লেখ করে উপাচার্য বলেন, ‘এখন মাত্র ২৭ কর্মদিবসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বড় অর্জন। প্রায় ৬৫ লাখ শিক্ষার্থীর বিশাল পরীক্ষা কার্যক্রম পরিচালনা ও নির্ধারিত সময়ে ফল প্রকাশের এই কর্মযজ্ঞের পেছনে শিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টা প্রশংসার দাবিদার।’
সময়ের চাহিদার সঙ্গে মিল রেখে উচ্চশিক্ষাকে কর্মমুখী করার কথাও জানান ড. আমানুল্লাহ। তিনি বলেন, কারিকুলামে পরিমার্জন ও সংশোধন আনা হচ্ছে শিক্ষার্থীদের কর্মজীবন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে। এর পাশাপাশি তাদের জন্য দক্ষতাভিত্তিক বিভিন্ন আধুনিক কোর্স চালু করারও উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ এস এম আখতার উদ্দিন চৌধুরী। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম ছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা হাজির ছিলেন।