ছবিঃ সংগৃহীত
তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইনস সিদ্ধান্ত নিয়েছে, তারা বোয়িংয়ের কাছ থেকে ১৫০টি উড়োজাহাজ কিনবে। উড়োজাহাজগুলো সরবরাহ করা হবে ২০৩৩ থেকে ২০৩৭ সালের মধ্যে।
টার্কিশ এয়ারলাইনস বুধবার এক বিবৃতিতে জানায়, বোয়িংয়ের কাছ থেকে সব মিলিয়ে ১৫০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে ১০০টি বোয়িং ৭৩৭ ম্যাক্সের ক্রয়াদেশ নিশ্চিত হয়েছে; পাশাপাশি আরও ৫০টি কেনার সুযোগ রাখা হয়েছে।
খবরটি আঙ্কারা থেকে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ঘোষণাটি এমন সময়ে এল, যখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান নিউইয়র্ক সফরে রয়েছেন। ঘোষণার এক দিন আগে তিনি মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে যোগ দেন; জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠকটি হয়।
ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে বিষয়টিকে ‘বোয়িং ও আমেরিকার উৎপাদন খাতের জন্য বড় দিন’ হিসেবে উল্লেখ করেন। ওই পোস্টেই তিনি জানান, আরও বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছে বাংলাদেশও।
ট্রাম্প বলেন, চুক্তিটির মধ্য দিয়ে কয়েক হাজার কোটি ডলারের বিক্রি হবে, পাশাপাশি যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান তৈরি হবে কয়েক হাজার মানুষের।
টার্কিশ এয়ারলাইনস প্রায় এক বছর আগে জানিয়েছিল, তারা বোয়িংয়ের কাছ থেকে আরও ২২৫টি উড়োজাহাজ কিনবে। সেই ঘোষণা এসেছিল হোয়াইট হাউসে এরদোগান ও ট্রাম্পের বৈঠকের পর।
ইস্তাম্বুল বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় অবস্থিত। ৫১৪টি উড়োজাহাজ আছে সংস্থাটির বহরে। ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, ১৩০টির বেশি দেশে ফ্লাইট চালায় সংস্থাটি; ২০২৫ সালে তারা ৯ কোটি ২৬ লাখ যাত্রী পরিবহন করেছে।