নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর নেতৃত্বে ‘পরিকল্পিত সন্ত্রাসবিরোধী’ বিক্ষোভ
ছবিঃ সংগৃহীত
ময়মনসিংহের নান্দাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পিত সন্ত্রাস চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদ জানাতে এ কর্মসূচি পালন করা হয়।
নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠন শনিবার দুপুরে মিছিলটির আয়োজন করে। এতে নেতৃত্বে ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।
এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিছিলটি গিয়ে মেলে এক প্রতিবাদ সমাবেশে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী; দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে তিনি সবার প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাখেন।
আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদও জানান তিনি। একই সঙ্গে এর বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়তে ডাক দেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ ও স্বৈরাচার বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত। সেই ষড়যন্ত্র মোকাবিলা করেই তাদের ফ্যাসিবাদ আমরা ভেঙে দিয়েছি। তাদের একটি ষড়যন্ত্রকেও সফল হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবার দেশজুড়ে ঐক্যবদ্ধ রয়েছে। গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা জনগণকে সঙ্গে নিয়েই বজায় রাখা হবে।
বিপুলসংখ্যক সমর্থকের পাশাপাশি নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা সমাবেশস্থলে হাজির ছিলেন।