প্রযুক্তিনির্ভর শিক্ষায় বাড়বে প্রাথমিক শিক্ষার্থীদের শেখার সুযোগ: ববি হাজ্জাজ
ছবিঃ সংগৃহীত
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ইউনিসেফের বৈশ্বিক শিক্ষা পরিচালক পিয়া রেবেলো ব্রিট্টোর সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠকটি হয় জাতিসংঘ সদর দপ্তরে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময়ে জাতিসংঘ সদর দপ্তরের ইউনাইটেড নেশনস প্লাজায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আধুনিক করা, শিক্ষাপ্রযুক্তি (এডটেক) ও গুগলের সঙ্গে সংযোগ, ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানো এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা—এসব বিষয় নিয়ে বৈঠকে বিশদ আলোচনা হয়।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দেশের প্রাথমিক শিক্ষার্থীদের শেখার সুযোগ প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সাহায্যে আরও প্রসারিত করা সম্ভব। শিক্ষার্থীদের ভাষা ও মৌলিক দক্ষতার উন্নয়নে বিশেষত ডিজিটাল প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা-উপকরণ কার্যকরভাবে কাজে লাগানো গেলে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে আরও কথা হয় বাংলাদেশের শিক্ষা খাতে গুগলসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ও কারিগরি সহযোগিতার সম্ভাবনা নিয়ে। প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে শিক্ষার্থীদের শেখার ফল কীভাবে উন্নত করা এবং শিক্ষক ও শিক্ষা প্রশাসনের সক্ষমতা কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে মতবিনিময় করে দুই পক্ষ।
প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষাব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও সহজলভ্য করে গড়ে তোলার বিষয়েও জোর দেওয়া হয়। শারীরিক বা অন্য কোনো প্রতিবন্ধকতা যাতে কোনো শিশুকে মানসম্মত প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত না করে, সেই লক্ষ্য সামনে রেখে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা নিয়ে আলোচনা হয়।
ইউনিসেফের পক্ষ থেকে জোরালো সহযোগিতার প্রতিশ্রুতি এসেছে প্রাথমিক শিক্ষার মান বাড়াতে এডটেক ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার, শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বাড়ানো, শিক্ষা খাতের সঙ্গে গুগলসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সংযোগ এবং প্রতিবন্ধী শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে।
এসব ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে কাজ করার, দরকারি কারিগরি সহায়তা জোগানোর এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব তৈরির আশ্বাস দেন পিয়া রেবেলো ব্রিট্টো। তিনি বলেন, প্রতিটি শিশুর জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও ভবিষ্যৎমুখী শিক্ষা নিশ্চিত করতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মধ্য দিয়ে বাংলাদেশের পাশে থাকবে ইউনিসেফ।
প্রতিমন্ত্রী পরে একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে যোগ দেন। ‘স্কিলস ফর ব্রাইটার ফিউচারস: ইনভেস্টিং ইন হিউম্যান ক্যাপিটাল ফর ইউথ অন দ্য মুভ’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করা হয় জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের ফাঁকে, ইউএন প্লাজার ইউনিসেফ হাউজে।
ওই বৈঠকে গুরুত্ব পায় পরিবর্তনশীল কর্মবাজারের জন্য তরুণদের উপযোগী করে গড়ে তুলতে দক্ষতা উন্নয়ন, শিক্ষা ও প্রশিক্ষণে বিনিয়োগ, মানবসম্পদের সক্ষমতা বাড়ানো এবং তরুণদের সামনে ভবিষ্যৎমুখী সুযোগ তৈরির বিষয়গুলো।
ববি হাজ্জাজের ভাষায়, ‘তরুণদের দক্ষতা উন্নয়নই একটি দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক শক্তির ভিত্তি। প্রাথমিক শিক্ষা থেকেই প্রতিটি শিশুকে জ্ঞান ও আগামীর কর্মজগতের জন্য প্রস্তুত করতে আমরা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।’