থানার ফটকের সামনে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টার সাঁটালেন ওয়ারেন্টভুক্ত আসামি
ছবিঃ সংগৃহীত
মাদারীপুরের কালকিনিতে শনিবার সকালে থানা গেটের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টার সাঁটিয়েছেন কালকিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার, যিনি ওয়ারেন্টভুক্ত মামলার আসামি। থানা গেটের পাশাপাশি উপজেলা পরিষদ চত্বরেও একই পোস্টার লাগানো হয়েছে। পরে সেই পোস্টার সাঁটানোর ছবি ও ভিডিও তিনি নিজের ফেসবুক পেজেও প্রচার করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, এনায়েত হোসেন হাওলাদার শনিবার সকালে কালকিনি উপজেলা পরিষদ চত্বরসহ আরও কয়েকটি জায়গায় পোস্টার লাগান। এরপর তিনি কালকিনি থানা গেট এলাকায় যান এবং সেখানেও কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের পোস্টার সাঁটানো হয়। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার সামনে এবং প্রকাশ্যে এমনভাবে পোস্টার সাঁটানোর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রের তথ্যমতে, কালকিনিসহ মাদারীপুরের বিভিন্ন থানায় এনায়েত হোসেন হাওলাদারের নামে একাধিক মামলা আছে, যার মধ্যে রয়েছে সন্ত্রাসবিরোধী আইনের মামলাও। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও আছে। এ পরিস্থিতিতে দীর্ঘদিন পর প্রকাশ্যে এসে তিনি থানা গেট ও উপজেলা পরিষদ চত্বরে পোস্টার সাঁটানোয় স্থানীয়ভাবে নানা প্রশ্ন উঠেছে।
মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীর ভাষ্য, ঘটনাটি তাদের নজরে আছে; তাকে গ্রেফতার করতে চেষ্টা চালানো হচ্ছে।