নতুন কার্যালয়ে যাত্রা শুরু বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির
ছবিঃ সংগৃহীত
বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসকারীদের কল্যাণ এবং সেবার মানকে আরও উন্নত করতেই এ উদ্যোগ।
কার্যালয়টি উদ্বোধন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায়।
সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করে তুলবে নতুন এই কার্যালয়—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বাসিন্দাদের নানা প্রয়োজন, অভিযোগ এবং সেবা-সম্পর্কিত বিষয়ে দ্রুত ও কার্যকর সহযোগিতা দেওয়া সম্ভব হয়ে উঠবে।
সোসাইটি বলছে, তাদের লক্ষ্য হলো পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি সুন্দর কমিউনিটি গড়ে তোলা এবং বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল, বাসযোগ্য ও কল্যাণমুখী একটি পরিবেশ নিশ্চিত করা। সেই লক্ষ্য পূরণের পথে নতুন কার্যালয়টি সেবা কার্যক্রমকে আরও এক ধাপ সামনে নিয়ে যাবে।
সোসাইটির সভাপতি ও সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘আমরা এখানে আমাদের নতুন অফিস চালু করেছি। বসুন্ধরার বাসিন্দাদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। ইতোমধ্যে আমরা অ্যাম্বুলেন্স সেবা চালু করেছি। অল্প খরচে এই সেবা দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া বাসায় বাসায় জরুরি ওষুধ সরবরাহের ব্যবস্থাও করা হয়েছে। অনেক সময় অনেক বাসিন্দার ওষুধ সংগ্রহে সমস্যা হয়। তারা জরুরি নম্বরে যোগাযোগ করলে আমরা দ্রুত ওষুধ পৌঁছে দেব। আগামী সপ্তাহ থেকে বাসিন্দারা এসব সেবা পাবেন।’
সোসাইটির মহাসচিব ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজার ভাষ্য, ‘বসুন্ধরার বাসিন্দাদের কল্যাণ এবং সেবার মান আরও উন্নত করার লক্ষ্যেই নতুন অফিসের উদ্বোধন করলাম।’
তাঁদের প্রত্যাশা, কার্যালয়টি সংগঠনের কাজকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, বাসিন্দাদের সেবা ও অভিযোগ নিয়ে এখান থেকেই দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
মহাসচিব শেখ এহসান রেজা আরও বলেন, ‘বাসিন্দাদের একটি নিরাপদ, সুশৃঙ্খল ও কল্যাণমুখী পরিবেশ দেওয়ার চেষ্টা থাকবে। আমাদের বিশ্বাস, আমরা যদি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করি, তাহলে লক্ষ্যে পৌঁছাতে পারব। আজকের এই অফিস আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।’
তিনি জানান, ‘আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস, ২৪ ঘণ্টা জরুরি ওষুধ ডেলিভারি সার্ভিস এবং ইউটিলিটি সার্ভিসের আওতায় প্লাম্বিং ও ইলেকট্রিশিয়ান সেবা দেওয়া হবে। আমরা একটি কল সেন্টারও খুলেছি। ভবিষ্যতে সব সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যাব, যাতে সবাই অনলাইনের মাধ্যমে সেবা নিতে পারেন।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে হাজির ছিলেন সোসাইটির নির্বাহী সহ-সভাপতি কাজী দিদার আহম্মেদ এবং অর্থ সম্পাদক ইমরুল হাসান।
সোসাইটি জানায়, নতুন কার্যালয় এবং চালু হওয়া নানা সেবাকে কাজে লাগিয়ে বাসিন্দাদের দরকারি সহায়তা আরও দ্রুত ও কার্যকর উপায়ে পৌঁছে দেওয়া হবে, সেই সঙ্গে তাঁদের অভিযোগ দ্রুত সমাধানেরও উদ্যোগ থাকবে।