বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার
ছবিঃ সংগৃহীত
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে নিজ বাসা থেকে গ্রেফতার হয়েছেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলামের কাছ থেকে এ গ্রেফতারের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
এর আগে গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ এনে মামলা করা হয়েছিল তাঁর বিরুদ্ধে।
নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব মামলাটি দায়ের করেন বিমানবন্দর থানায়। এজাহারে বলা হয়েছে, লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা চলাকালে আখতারুজ্জামান বিমানবন্দরের কর্মকর্তাদের গালাগাল করেন ও হুমকি দেন, আর একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এক নিরাপত্তা কর্মকর্তাকে। ঘটনাটিতে মামলা হয়েছে দণ্ডবিধির একাধিক ধারায়।