ধানমন্ডিতে শুরু হলো দশম হার-ই-ট্রেড এক্সিবিশন
ছবিঃ সংগৃহীত
হার-ই-ট্রেড ট্রাস্টের আয়োজনে দশম হার-ই-ট্রেড এক্সিবিশন ‘শারদীয় আবাহন’ শুরু হয়েছে রাজধানীর ধানমন্ডি-২৭-এর মাইডাস সেন্টারে। দুই দিনের এ প্রদর্শনী আগামীকাল শনিবার পর্যন্ত চলবে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ আজ শুক্রবার (২ অক্টোবর) প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন। বিভিন্ন স্টলও এ সময় ঘুরে দেখেন তিনি।
দেশের নানা প্রান্তের ৬২ জন নারী উদ্যোক্তা এবারের আয়োজনে অংশ নিয়েছেন। এতে প্রদর্শিত হচ্ছে ফ্যাশনপণ্য, হস্তশিল্প ও খাবারসহ বিভিন্ন দেশীয় লাইফস্টাইল পণ্য ও সেবা। আয়োজনটির উদ্দেশ্য নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক সংযোগ, বাজার সম্প্রসারণ এবং পণ্য প্রদর্শনের সুযোগ তৈরি করা।
উপস্থিত নারী উদ্যোক্তা অন্তরা সেন পিংকি বলেন, অনেক সৃজনশীল এ দেশের নারী উদ্যোক্তারা; নিজেদের মেধা কাজে লাগিয়ে অনেক প্রতিবন্ধকতা পার হয়ে তাঁরা কাজ করছেন। তিনি মনে করেন, সবাই এগিয়ে এলে তাঁরা আরও এগোতে পারবেন।
দর্শনার্থীদের জন্য প্রদর্শনী খোলা থাকবে আজ রাত ৯টা পর্যন্ত, আর আগামীকাল সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।