টঙ্গীতে গৃহশিক্ষকতার আড়ালে মাদক ব্যবসা, ১৫ হাজার ইয়াবাসহ নারী আটক
ছবিঃ সংগৃহীত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুরের টঙ্গীতে শ্রাবন্তী আক্তার নামে এক নারীকে আটক করেছে; তাঁর বিরুদ্ধে অভিযোগ গৃহশিক্ষকতার আড়ালে মাদক ব্যবসার। সংস্থাটির দাবি, ওই নারীর ভাড়া বাসা থেকে ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।
গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে অভিযান চলে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর মদিনাপাড়া এলাকার শাহানারা মঞ্জিলে। এতে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুরের সহকারী পরিচালক শাহীন মাহমুদ। অভিযানে শ্রাবন্তীকে আটকের পর তাঁর ঘর তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
অধিদপ্তর সূত্র জানায়, ওই এলাকায় শ্রাবন্তী গৃহশিক্ষকতা করতেন; তবে অভিযোগ রয়েছে, এর আড়ালে মাদক ব্যবসায় জড়িত ছিলেন তিনি। কর্মকর্তারা জানান, আটক হওয়ার পর জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার কথা তিনি স্বীকার করেছেন।
নরসিংদীর মাধবদী থানার চরদিঘলদি এলাকার মো. মতিনের মেয়ে শ্রাবন্তী থাকতেন টঙ্গীর পূর্ব আরিচপুরের শাহানারা মঞ্জিলের ভাড়া বাসায়।
টঙ্গীর বিভিন্ন এলাকায় নারীসহ অনেকে মাদক ব্যবসায় জড়িত বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। গ্রেফতার হওয়ার পর জামিনে বেরিয়ে কেউ কেউ ফের মাদক ব্যবসায় জড়াচ্ছেন বলেও দাবি তাঁদের।
গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, গৃহশিক্ষকতার আড়ালে শ্রাবন্তী মাদক ব্যবসা করতেন। গোপন সংবাদ পেয়ে চালানো অভিযানে তাঁকে আটক করা হয়, আর তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৫ হাজার ইয়াবা। থানায় এ ঘটনায় মামলা হয়েছে; মাদকবিরোধী অভিযানও অব্যাহত আছে।