ছবিঃ সংগৃহীত
পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে প্রাণ গেছে দুই বেসামরিক নাগরিকের, আহত হয়েছেন একজন; ঘটনাস্থল পাকিস্তানের কাসুরে, ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে। নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে শুক্রবার এই তথ্য দেওয়া হয়। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
‘এক্স’-এ এক পোস্টে পাকিস্তান টিভি জানায়, ঘটনাটি ঘটে লাধার গ্রামের তিনজন বাসিন্দা সীমান্ত পিলার ছাড়িয়ে কয়েক পা এগিয়ে গেলে। নিরাপত্তা সূত্রগুলো দাবি করছে, বিএসএফ সদস্যরা কোনো রকম সতর্কবার্তা না দিয়েই তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন।
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, প্রাণ হারানো দুজনের নাম আজমত রসুল ও মহসিন জুট; উভয়েই লাধার গ্রামের ‘জাত্তান ওয়ালি হাভেলি’ এলাকার বাসিন্দা। তৃতীয় ব্যক্তিটিও গুলিতে আহত হন। তিনজনের কারও কাছে অস্ত্র ছিল না, সীমান্ত বেড়া পার হওয়ার কোনো চেষ্টাও তাঁরা করেননি।
এই গুলিবর্ষণ আন্তর্জাতিক সীমান্তসংক্রান্ত নিয়মকানুন ও প্রচলিত প্রমিত কার্যপদ্ধতি (এসওপি) লঙ্ঘনের শামিল বলেও দাবি করেছে সূত্রগুলো।
প্রসঙ্গত, সীমান্ত এলাকায় এমন সংঘাত নতুন কিছু নয়, এর ইতিহাস আছে। নিয়ন্ত্রণ রেখা ও ওয়ার্কিং বাউন্ডারিতে ২০১৬ সাল থেকে নানা সময়ে দুই পক্ষের গোলাগুলি হয়েছে, তাতে প্রাণ গেছে একাধিক বেসামরিক নাগরিকের। দুই দেশ ২০২১ সালে যুদ্ধবিরতির সমঝোতায় পৌঁছানোর পর সীমান্ত কিছুদিন শান্ত ছিল; কিন্তু সাম্প্রতিক এই হত্যাকাণ্ডে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।