ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪০২, মিলল অস্ত্র ও মাদক
ছবিঃ সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় ৪০২ জনকে গ্রেফতার করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে। ওই সময়ের মধ্যে বিভিন্ন অপরাধে মামলা দায়ের হয়েছে ৫০টি।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় চালানো অভিযানে তাঁদের গ্রেফতার করা হয় এবং একই সঙ্গে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার হয় বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।
বিভাগ অনুযায়ী গ্রেফতারের হিসাবে দেখা যায়, মিরপুর বিভাগে ১০৫, মতিঝিল বিভাগে ৬১, তেজগাঁও বিভাগে ৫৬, ওয়ারী বিভাগে ৪৫, লালবাগ বিভাগে ৪২, উত্তরা বিভাগে ৩৮, রমনা বিভাগে ৩০, গুলশান বিভাগে ২৩ এবং গোয়েন্দা বিভাগে ২ জন গ্রেফতার হয়েছেন।
অভিযান চলাকালে উদ্ধার হয়েছে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, সাতটি চাপাতি, চারটি রামদা, একটি প্লাস, ৮ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা, পাঁচ ক্যান বিয়ার, তিনটি মোবাইল ফোন ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।