বাংলাদেশি কর্মীদের শ্রম ভিসা সাময়িকভাবে স্থগিত করল লাওস
ছবিঃ সংগৃহীত
১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে একটি স্থগিতাদেশ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওস। এর আওতায় শ্রমিক হিসেবে বাংলাদেশিদের নতুন নিয়োগ, ওয়ার্ক পারমিটের অনুমোদন ও শ্রমিক শ্রেণির প্রবেশ ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় লাওসে কর্মসংস্থান প্রসঙ্গে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে পরামর্শ দেওয়া হয়েছে, চাকরির ভুয়া প্রস্তাব বা ভিসার প্রলোভনে পড়ে কেউ যেন টাকা না দেন।
মন্ত্রণালয়ের দেওয়া এক বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৯ সেপ্টেম্বর লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জারি করা একটি নির্দেশনায় জানানো হয়, শ্রমিক হিসেবে বাংলাদেশি নাগরিকদের নতুন নিয়োগের ক্ষেত্রে কোটা অনুমোদন, নিয়োগ প্রক্রিয়া এবং ওয়ার্ক পারমিটের অনুমোদন সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে।
বাংলাদেশিদের শ্রমিক শ্রেণির ভিসা ইস্যু করাও ওই নির্দেশনার আওতায় বন্ধ রয়েছে। লাওসে বাংলাদেশি কর্মীদের ভিসা ইস্যু যে স্থগিত করা হয়েছে, সে তথ্যের সত্যতা নিশ্চিত করেছে থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও।
এমন অবস্থায় কাজের জন্য লাওসে যেতে ইচ্ছুক সম্ভাব্য কর্মীদের প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরামর্শ, আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। ভুয়া ভিসা, কাল্পনিক চাকরির প্রস্তাব এবং অননুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে বিশেষভাবে সাবধান থাকতে বলা হয়েছে।
চাকরির প্রস্তাব বা ভিসা নিয়ে টাকা দেওয়া অথবা অন্য কোনো উপায়ে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে সংশ্লিষ্ট সরকারি সূত্রে তথ্য যাচাই করে নেওয়া উচিত বলে জানিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি পরামর্শ দেওয়া হয়েছে, বিদেশে কর্মসংস্থানের প্রক্রিয়া যেন অননুমোদিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করা না হয়।
৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত লাওসের সাময়িক এই স্থগিতাদেশ কার্যকর থাকার কথা রয়েছে। তারপর বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজারের পরিস্থিতি নিয়ে নতুন তথ্য পাওয়া যাবে লাওসের সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনার ভিত্তিতে।