বিয়ে নিয়ে তাড়াহুড়ো করতে চান না কৌশানি
ছবিঃ সংগৃহীত
কৌশানি মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে। বিশেষ দিনগুলো একসঙ্গে উদযাপন করা থেকে সময় কাটানো—পুরোদমেই চলছে সব। কিন্তু পছন্দের মানুষটির গলায় বরমাল্য কবে পরাবেন, সেই প্রশ্নে তিনি যেন বেশ রয়েসয়েই সিদ্ধান্ত নিতে চান।
নিজের নতুন সিনেমা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে সম্প্রতি সাক্ষাৎকার দেওয়ার সময় বিয়ের প্রসঙ্গে কথা বলেন এই অভিনেত্রী। চলতি বছরের শেষ নাগাদ তাঁর বিয়ে হচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে—এ নিয়ে প্রশ্ন করা হলে কৌশানি স্পষ্ট জানান, বিয়ে নিয়ে আপাতত কোনো তাড়াহুড়ো তাঁর নেই।
অভিনেত্রীর ভাষ্য, বিয়েকে প্রতিটি সম্পর্কের শেষ পরিণতি হিসেবে দেখা হয় ঠিকই, তবে এখন নিজের জীবনে তিনি বেশ ভালো আছেন। বনির সঙ্গে তাঁর সম্পর্কও ভালোভাবে চলছে। তাই কেবল বয়স কিংবা তথাকথিত ‘বায়োলজিক্যাল ক্লক’-এর কথা ভেবে তিনি বিয়ে করতে চান না।
কৌশানির ভাষায়, আমি এখন যেমন আছি, খুব ভালো আছি। আমরা দুজনেই ভীষণ ভালো আছি। শুধু বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী আমি বিয়ে করতে চাই না। যখন আমার মনে হবে আমি প্রস্তুত, তখনই বিয়ে করব।
সাক্ষাৎকারে বিয়ের কথা বলতে গিয়ে পরিবারের প্রসঙ্গও আসে। কৌশানি জানান, মেয়ের বিয়ে আর ভবিষ্যৎ নিয়ে তাঁর বাবা মাঝেমধ্যে আলোচনা করতে চান। কিন্তু মেয়ের কাছে বকুনি খেতে হবে—এই ভয়ে অনেক সময় তিনি এ নিয়ে আর কথা বাড়ান না।
মেয়ের ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিকভাবেই বাবার চিন্তা আছে; তবু কৌশানির ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত তিনি চাপিয়ে দিতে চান না। ফলে বনি-কৌশানির বিয়ে ঘিরে নানা জল্পনা চললেও অভিনেত্রীর কথা থেকে আপাতত এটুকু স্পষ্ট—সময় এলে এই অভিনেত্রী সাতপাকে বাঁধা পড়বেন নিজের সিদ্ধান্তেই।