সূচকের ঊর্ধ্বমুখী ধারায় চলছে পুঁজিবাজারের লেনদেন
ছবিঃ সংগৃহীত
সূচক বাড়ার মধ্য দিয়ে মঙ্গলবার (০৬ অক্টোবর) লেনদেন শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। এ তথ্য মিলেছে ডিএসই ও সিএসই সূত্রে।
লেনদেন শুরুর আধা ঘণ্টা পর, অর্থাৎ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স দাঁড়ায় ৫ হাজার ৪৭৭ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ৩২ পয়েন্ট বেশি। ৯ পয়েন্ট বেড়ে ডিএসই শরীয়াহ্ সূচক ১০৮৯ পয়েন্টে এবং ৭ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক ২০৮৯ পয়েন্টে রয়েছে।
এই সময়ে ৮৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়েছে।
লেনদেনে আসা কোম্পানিগুলোর মধ্যে এ সময় ২৬১টির শেয়ারদর বেড়েছে, ৫৪টির কমেছে আর ৫০টির দর অপরিবর্তিত আছে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত মঙ্গলবারের লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে এপেক্স ফুডস, ওরিয়ন ইনফিউশন, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, ইভেন্সি টেক্সটাইল, টেকনো ড্রাগস, একমি লিমিটেড, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও বিডি ল্যাম্পস।
তার আগে আজ লেনদেন শুরু হওয়ার পর প্রথম ৫ মিনিটে ৮ পয়েন্ট বাড়ে ডিএসইএক্স সূচক।
সকাল ১০টা ১০ মিনিটে আগের অবস্থানের তুলনায় সূচক আরও ৬ পয়েন্ট বাড়ে। পরে সূচকে ঊর্ধ্বমুখী গতি লক্ষ করা যায়। লেনদেন শুরুর ২০ মিনিটের মাথায়, অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক দাঁড়ায় ৫ হাজার ৪৬৯ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেশি।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক লেনদেন শুরুর আধা ঘণ্টার মাথায়, অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ৬৪৯ পয়েন্টে। এর পরও সূচকে ঊর্ধ্বমুখী গতি দেখা গেছে।
সিএসইতে এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময় দাম বেড়েছে ১৩টি কোম্পানির, কমেছে ১১টির; আর ১টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।