ছবিঃ সংগৃহীত
শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর একটি বিশেষ গানে তাঁর সঙ্গে দেখা যাবে কারিনা কাপুরকে। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছর পর আবার একসঙ্গে পর্দায় ফিরছেন দুজন। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘রা.ওয়ান’-এর পর বলিউডের জনপ্রিয় এ জুটির দেখা আর কোনো পূর্ণাঙ্গ প্রজেক্টে একসঙ্গে মেলেনি।
গানটির সুর করেছেন শচীন-জিগার, আর এর নাম হতে পারে ‘ড্যাডি কুল’ বলে জানা গেছে। শাহরুখ ও কারিনার চলতি মাসের শেষ ভাগে দক্ষিণ আফ্রিকায় একটানা পাঁচ দিন এর শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে।
পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুযায়ী, বেশ বড় আয়োজনে তৈরি হচ্ছে গানটি। ভারতীয় শিল্পীদের সঙ্গে এতে আন্তর্জাতিক পর্যায়ের কোনো সংগীত তারকাও কণ্ঠ দিতে পারেন। শাহরুখ ও কারিনা গানটিতে ধরা দেবেন সম্পূর্ণ আলাদা সাজ ও লুকে। নির্মাতারা আশা করছেন, ‘কিং’-এর অন্যতম বড় চমক হিসেবে দর্শকের সামনে হাজির হওয়ার পাশাপাশি চলতি বছরের অন্যতম আলোচিত গানেও পরিণত হবে এটি।
দর্শকের কাছে শাহরুখ-কারিনা জুটির আগের রসায়নও যথেষ্ট জনপ্রিয়। তাঁদের একসঙ্গে অভিনয় রয়েছে ‘অশোকা’, ‘কাভি খুশি কাভি গাম’ ও ‘রা.ওয়ান’-এর মতো সিনেমায়। পাশাপাশি ‘ডন’ ও ‘বিল্লু’ সিনেমায় অতিথি চরিত্রে হাজির হয়েও শাহরুখের সঙ্গে পর্দা ভাগ করেছেন কারিনা।
লম্বা বিরতি শেষে দুই তারকা আবার এক হচ্ছেন—এ খবরে ভক্তরা স্বভাবতই উল্লসিত। ‘রা.ওয়ান’-এর ‘ছম্মক ছাল্লো’ ও ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন বিশেষভাবে আজও দর্শকের মনে দাগ কেটে আছে।
বড় বাজেটের সিনেমা ‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটির বাজেট প্রায় ৩৫০ কোটি রুপি, আর এর মূল চরিত্রে রয়েছেন শাহরুখ খান। তাঁর মেয়ে সুহানা খান এ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় যাত্রা শুরু করছেন।
এ সিনেমার অভিনয়শিল্পীদের তালিকায় আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও অভয় ভার্মা। বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর সারা বিশ্বে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।