চিংড়ি শিল্প ও গবেষণায় হাত মেলাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় ও টোটাল ফুড
ছবিঃ সংগৃহীত
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন টোটাল ফুড প্রসেসিং প্রাইভেট লি.-এর দুই পরিচালক রেজাউর রহমান ও সাবিনা ইসলাম। গবেষণা ও চিংড়ি শিল্পের উন্নয়নই ছিল এ সাক্ষাতের লক্ষ্য।
সৌজন্য সাক্ষাৎটি হয় আজ বুধবার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে।
ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয় ও টোটাল ফুডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে সাক্ষাতে আলোচনা হয়। আলোচনায় বিশেষভাবে উঠে আসে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিন, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন ও কেন্দ্রীয় গবেষণাগারের সঙ্গে টোটাল ফুডের স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী সহযোগিতার বিষয়গুলো।
টোটাল ফুডের পরিচালকেরা এমওইউর আওতায় নেওয়া পরিকল্পনা তুলে ধরেন। এর মধ্যে আছে বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ল্যাবের সুবিধা তৈরি, শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতা জোরদার, শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি এবং গবেষণা কার্যক্রমের আরও সম্প্রসারণ।
এর বাইরে তাঁরা আগ্রহের কথা জানান খুলনা বিশ্ববিদ্যালয় ও টোটাল ফুডের যৌথভাবে কাজ করার বিষয়ে, যাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ চিংড়ি শিল্পের উন্নয়ন ঘটে এবং এর সম্ভাবনা কাজে লাগানো যায়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের জন্য শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে পারস্পরিক সহযোগিতাকে গুরুত্ব দেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
তাঁর ভাষ্য, এমন সহযোগিতা একদিকে শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেবে; অন্যদিকে গবেষণার ফলাফল শিল্পক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব হবে।
সাক্ষাতের শেষে টোটাল ফুডের পরিচালকদের খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামখচিত ক্রেস্ট উপহার দেন উপাচার্য।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর মেহেদী হাসান মো. হেফজুর রহমানও সে সময় উপস্থিত ছিলেন।