চবির ২৫ কৃতী শিক্ষার্থী মনোনীত হলেন প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য
ছবিঃ সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৫ জন কৃতী শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য মনোনয়ন পেয়েছেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ওমর ফারুখের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোনীত শিক্ষার্থীদের মধ্যে ৯ জন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯-এর জন্য, আর ২০২০ ও ২০২২-এর জন্য মনোনীত হয়েছেন ৮ জন করে।
এ প্রসঙ্গে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের বক্তব্য, ‘আমাদের ২৫ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এ অর্জন কেবল তাঁদের ব্যক্তিগত নয়, তাঁদের পরিবার, বিভাগ এবং পুরো বিশ্ববিদ্যালয়েরও। ভবিষ্যতে তাঁরা দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—তাঁদের কাছে এটাই আমাদের প্রত্যাশা।’
ইউজিসি প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করে ২০০৫ সালে, বিএনপি সরকারের সময়ে। এ পদক পান দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী সেরা শিক্ষার্থী বা প্রথম স্থান অধিকারীরা। সারা দেশ থেকে এবার মোট ৪৬৯ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন।