ছবিঃ সংগৃহীত
মালয়েশিয়ার আটককেন্দ্রে থাকা যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের অভিবাসীদের ‘যতটা দ্রুত সম্ভব’ দেশে ফিরিয়ে নেওয়া হবে—বৃহস্পতিবার এ কথা বলেছেন দেশটির নেতা মিন অং হ্লাইং।
হ্লাইংকে আমন্ত্রণ জানিয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম; উদ্দেশ্য ছিল মিয়ানমারের অভিবাসীদের দেশে ফেরানো নিয়ে আলোচনা।
আনোয়ারের সঙ্গে প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় এক যৌথ সংবাদ সম্মেলনে মিন অং হ্লাইং বলেন, ‘যেসব ব্যক্তির মিয়ানমারের নাগরিকত্ব যাচাই করা হয়েছে, তাঁদের আমরা যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে নেব।’
বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মিন অং হ্লাইং ক্ষমতা দখলের পর এই প্রথম মালয়েশিয়া সফরে গেলেন। মিয়ানমারের হাজার হাজার অভিবাসীকে দেশে ফেরানোর কাজে তাদের সহযোগিতা পেতে চেষ্টা চালাচ্ছে কুয়ালালামপুর।
মানবাধিকার পর্যবেক্ষকেরা অবশ্য স্বচ্ছতাহীন এই প্রত্যাবাসন কর্মসূচির সমালোচনা করেছেন। তাঁদের কারও কারও আশঙ্কা, জাতিগত রোহিঙ্গাদের ফেরত পাঠানো হতে পারে এমন এক দেশে, যেখানে তাঁরা দীর্ঘদিন নিপীড়নের শিকার হয়েছেন—যে নিপীড়নকে অনেকে গণহত্যা বলে অভিহিত করেছেন।
দুই দিনের এ সফরে কূটনৈতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা আরও জোরদার করছেন মিন অং হ্লাইং।
গণতন্ত্র পর্যবেক্ষকেরা যে নির্বাচনকে প্রহসন বলে আখ্যায়িত করেছিলেন, সেটি অনুষ্ঠিত হওয়ার পর এপ্রিলে তাঁকে বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করা হয়।
মিয়ানমারের অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার জন্য বৃহস্পতিবার দেশটির প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার।
তিনি মিন অং হ্লাইংকে ধন্যবাদ জানান তাঁর ‘খোলামেলা মনোভাব ও সহযোগিতার ইচ্ছার’ জন্য।