রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি হুতিদের
ছবিঃ সংগৃহীত
ইয়েমেনের হুতিরা বৃহস্পতিবার দাবি করেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
চলতি সপ্তাহে সৌদি আরবে হামলা চালানোর এটি আরও একটি দাবি ইরান-সমর্থিত গোষ্ঠীটির।
সৌদি আরবের বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলা চালানোর দাবি হুতিরা করেছিল এর এক দিন আগেই।
তিনজন নিহত হন ওই হামলায়।
ঠিক সে সময়েই হুতিদের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা অভিযান শুরুর ঘোষণা দেয় রিয়াদ-সমর্থিত ইয়েমেন সরকার।
বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
হুতিরা ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণ করে। দেশটির গৃহযুদ্ধ জুলাই মাসে আবার তীব্র হয়ে ওঠে; তখন থেকে ভূখণ্ড দখলের জন্য ইয়েমেন সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তারা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছে। ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে।’
ইয়াহিয়া সারির আরও বক্তব্য, ‘আমরা আন্তর্জাতিক সব এয়ারলাইনকে সৌদি আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখার বিরুদ্ধে শেষবারের মতো আহ্বান ও সতর্কবার্তা জানাচ্ছি।’
এ নিয়ে চলতি সপ্তাহে তৃতীয় দফায় বিমানবন্দরটিতে হামলার দায় স্বীকার করল হুতিরা।
চলমান লড়াইয়ের ফলে ইয়েমেনের অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছে ২ লাখেরও বেশি মানুষ—বুধবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘ।