৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ, বুড়িগঙ্গার তীর থেকে সরানো হলো প্রায় ১০০ টন বর্জ্য
ছবিঃ সংগৃহীত
সোমবার বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় একসঙ্গে উচ্ছেদ ও বর্জ্য অপসারণের অভিযান চালানো হয়েছে। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ সমন্বিত অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে নদীর দুই পাড় থেকে প্লাস্টিক ও অন্যান্য ধরনের প্রায় ১০০ টন বর্জ্য সরিয়ে নেওয়া হয় এবং উচ্ছেদ করা হয় ৫০টি অবৈধ স্থাপনা। এ কাজে লাগানো হয় ২টি এস্কেভেটর ও ৫টি ড্রাম ট্রাক।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা রিট পিটিশনের অনুবৃত্তিক্রমে একটি আবেদন দাখিল করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট গত ২ সেপ্টেম্বর ওই এলাকার বর্জ্য অপসারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশনা দেন। সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি কমিটি সেই নির্দেশনা বাস্তবায়নের উদ্যোগ নিয়ে অভিযানটি চালায়।
বিআইডব্লিউটিএ, ঢাকা জেলা প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তর অভিযানের নেতৃত্ব দেয়। সেখানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক মোবারক হোসেন মজুমদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ উদ্দিন, লালবাগের সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম ও পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম। এ ছাড়া সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও নৌপুলিশের সদস্যরা এবং গণমাধ্যমকর্মীরাও অভিযানস্থলে ছিলেন।
বুড়িগঙ্গার দূষণ নিয়ন্ত্রণ, প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য সরানো এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সমন্বিত এই অভিযান চলতে থাকবে।