ছবিঃ সংগৃহীত
২২ বছরের বর্ণিল পথচলা শেষে পর্দা নামতে চলেছে বলিউডের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর। নবম মৌসুম দিয়েই জনপ্রিয় এই অনুষ্ঠানকে চিরতরে বিদায় জানাতে যাচ্ছেন নির্মাতা ও উপস্থাপক করণ জোহর। আর শেষ মৌসুমের শুরুটাই হচ্ছে চমক দিয়ে—দর্শকের সামনে আসছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি আকর্ষণীয় প্রোমো শেয়ার করে করণ নিজেই খবরটি নিশ্চিত করেছেন, যা নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে।
প্রোমো ভিডিওতে সালমান খানকে বলতে শোনা যায়, ‘তাহলে আমি আসছি কফি উইথ করণ করতে।’ ক্যাপশনে করণ জোহর লেখেন, ‘একেবারেই শেষবারের মতো… ভাইজানের সঙ্গে এক কাপ কফি।’
শোটির এই বিদায়ী মৌসুম আগামী ১৪ অক্টোবর থেকে জিও হটস্টারে স্ট্রিমিং শুরু হবে। ধারণা করা হচ্ছে, প্রথম পর্বে সালমান খানের উপস্থিতি অনুষ্ঠানটিকে জমজমাট করে তুলবে।
অনুষ্ঠান বন্ধের মতো কঠিন সিদ্ধান্ত কেন—ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে করণ জানান, জীবনের পরের ধাপে নিজের চলচ্চিত্র নির্মাণ ও গল্প বলায় পুরোপুরি মন দিতে চান তিনি। ২২ বছর ধরে ‘কফি উইথ করণ’ তাঁর পরিচয়ের বড় একটি অংশ হয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, ২২ বছর পেরিয়ে গেছে এবং এটি তাঁর নবম মৌসুম হতে যাচ্ছে—এটা তিনি এখনো বিশ্বাস করতে পারছেন না। ভারী মনে এ মৌসুমকেই নিজের শেষ মৌসুম ঘোষণা করে করণ আরও জানান, জীবনের পরের দশকটা তিনি আরও বেশি সিনেমা পরিচালনা আর আরও অনেক গল্প বলার কাজে উৎসর্গ করতে চান।
যে কফি কাউচ বছরের পর বছর তারকাদের খোলামেলা আলাপ, সততা ও নানা বিতর্কের সমার্থক হয়ে উঠেছিল, তাকে বিদায় বলা অত্যন্ত আবেগঘন ও ব্যক্তিগত এক সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন নির্মাতা। শো থেকে মানুষের যে ভালোবাসা পেয়েছেন, তার সেই উত্তরাধিকার ভক্তদের হৃদয়ে একইভাবে বেঁচে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ‘কফি উইথ করণ’-এর যাত্রা শুরু ২০০৪ সালে, স্টার ওয়ার্ল্ড চ্যানেলে। প্রথম পর্বের অতিথি ছিলেন বলিউড কিং শাহরুখ খান ও কাজল। প্রথম মৌসুমে অমিতাভ বচ্চন ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে এবং ঐশ্বরিয়া রাই চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালিকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন। ২০১৯ সাল পর্যন্ত স্টার ওয়ার্ল্ডে সফলভাবে ছয়টি মৌসুম চলার পর শোটি ওটিটি প্ল্যাটফর্ম হটস্টারে স্থানান্তরিত হয়।
সূত্র: এনডিটিভি