স্ত্রীকে হত্যার অভিযোগ, পরে নিজেই ৯৯৯-এ ফোন দিয়ে জানালেন স্বামী
ছবিঃ সংগৃহীত
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে নিজেই স্ত্রীকে হত্যার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জের বন্দরের এক ব্যক্তি। পরকীয়ার সন্দেহ ও পারিবারিক কলহের জেরে সুফিয়া আক্তার নিশি (২৪) নামের ওই গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। পরে ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে বন্দরের তিনগাঁও উত্তরপাড়া এলাকায় পুরাতন মসজিদের পেছনে নিহতের বাবার বাড়িতে ঘটনাটি ঘটে। গ্রেপ্তার আব্দুল মান্নান ওরফে মনির (২৮) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বারুইপাড়া এলাকার শফিকুল ইসলাম বাবুলের ছেলে।
স্থানীয় সূত্রের তথ্যমতে, পরকীয়ার সন্দেহ আর পারিবারিক কলহ নিয়ে দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার রাতেও দুজনের কথা-কাটাকাটি হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে মনির ওড়না পেঁচিয়ে তাঁর শ্বাসরোধ করেন, পরে গলা কেটে তাঁকে হত্যা করেন।
হত্যাকাণ্ডের পর মনির নিজেই ৯৯৯-এ কল করে বন্দর থানার ডিউটি অফিসারকে স্ত্রীকে হত্যার কথা জানান। খবর পেয়ে এসআই নূর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মনিরকে গ্রেপ্তার করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।