চূড়ান্ত তারিখ মন্ত্রণালয়ের সম্মতিতে, চলতি মাসের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে এইচএসসির ফল
ছবিঃ সংগৃহীত
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল চলতি মাসের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে যেকোনো দিন প্রকাশিত হতে পারে বলে সোমবার জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি জানান, এই সময়ের মধ্যে যেকোনো দিন ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে; মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর চূড়ান্ত তারিখ ঠিক করা হবে।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। পরিকল্পনা ছিল ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি; পরে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার পর ৯ সেপ্টেম্বর ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয়।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। তাদের জন্য সারা দেশে পরীক্ষাকেন্দ্র ছিল ২ হাজার ৬৯৭টি।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ পরীক্ষার্থী ছিল ঢাকা বোর্ডে—৩১০টি কেন্দ্রে ৩ লাখ ৩৯৩ জন। এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, যশোর বোর্ডে ১ লাখ ১৭ হাজার ২১০ জন, দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন, চট্টগ্রাম বোর্ডে ৯৯ হাজার ৬৮৮ জন এবং কুমিল্লা বোর্ডে ৯৪ হাজার ৮০২ জন পরীক্ষা দেয়।
ময়মনসিংহ বোর্ডে পরীক্ষার্থী ছিল ৭৩ হাজার ৩৭ জন, সিলেট বোর্ডে ৭১ হাজার ৭১১ জন ও বরিশাল বোর্ডে ৫৮ হাজার ৬৬৪ জন।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।