ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটার এস এম মেহেরব হাসানের ৩ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। আজ সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন।
চুরির ঘটনায় গ্রেপ্তার চারজনের একজন মোজাম্মেল হক জানান, চুরি হওয়া লাগেজ থেকে নেওয়া ৩ লাখ টাকা রয়েছে তাঁর ভাড়া বাসায়। এরপর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রাজশাহী নগরের কাজলা মৃধাপাড়ায় তাঁর ভাড়া বাসার ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে টাকাগুলো উদ্ধার করে।
জাতীয় ক্রিকেট লিগ শেষে গত বুধবার ঢাকা থেকে রাজশাহী ফেরে বিভাগীয় ক্রিকেট টিম এবং তাদের ৫৪টি লাগেজ পাঠানো হয়েছিল কাভার্ড ভ্যানে। সকালে ভ্যান থেকে মালপত্র নামানোর সময় আটটি লাগেজ কম পাওয়া যায়। এ নিয়ে থানায় একটি জিডি করেন মেহেরব হাসান।
গতকাল ভোরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। রাজশাহীর পুঠিয়া এলাকায় মোটরসাইকেলের মাধ্যমে চলন্ত কাভার্ড ভ্যানে উঠে দরজার তালা ভেঙে আটটি লাগেজ নামিয়ে নিয়েছিলেন তাঁরা। লাগেজগুলোও পুলিশ উদ্ধার করে; তাতে অন্যান্য মাল পাওয়া গেলেও টাকাগুলো পাওয়া যায়নি।
এ নিয়ে একটি মামলা হলে গতকালই আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রুবেল আহমেদ (৩৮) নামের এক আসামি। এই চক্রের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।