সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা, শ্রদ্ধা জানালেন তারেক রহমান
ছবিঃ সংগৃহীত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ সকালে অনুষ্ঠিত হয়েছে সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা, যাতে অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
তার আগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সালাহউদ্দিন আহমেদের কফিনে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। এরপর ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং প্রধান হুইপসহ অন্য হুইপরা কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে একে একে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ মন্ত্রিসভার সদস্য, হুইপ এবং বর্তমান ও সাবেক সংসদ সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন ও জানাজায় শরিক হন।
জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
গতকাল রাত ৮টা ১০ মিনিটে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
ঢাকার সাবেক এই সংসদ সদস্য ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এবং বিকাল তিনটায় শ্যামপুরে লাল মসজিদে জানাজার পর জুরাইনে বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।