২০২৫-২৬ অর্থবছরের অপেক্ষমাণ আবেদন বাতিল, সাত রোগের অনুদান পেতে ফের আবেদন করতে হবে রোগীদের
ছবিঃ সংগৃহীত
ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা নিতে হলে নতুন করে আবেদন করতে হবে।
২০২৫-২৬ অর্থবছরে আবেদন করেও যাঁরা টাকা পাননি, তাঁদের অপেক্ষমাণ আবেদন নতুন অর্থবছরে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে না; নতুন নীতিমালার আলোকে তাঁদের আবার আবেদন করতে হবে।
গত ৫ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা-১ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় বিষয়টি জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ক্যান্সারসহ উল্লিখিত সাত রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রমে আইডিএসডিপি (IDSDP) সফটওয়্যারে যেসব আবেদনের বিপরীতে অর্থ বিতরণ করা যায়নি, সেই অপেক্ষমাণ আবেদনগুলো জেলা পর্যায় থেকে সংশ্লিষ্ট উপজেলা ইউনিটে স্থানান্তর করে সহায়তা দেওয়ার প্রস্তাব করেছিল সমাজসেবা অধিদপ্তর।
কিন্তু ২০২৫-২৬ অর্থবছরের ওই অপেক্ষমাণ আবেদনগুলো করা হয়েছিল সংশ্লিষ্ট কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা, ২০১৯-এর আলোকে।
এদিকে ২০২৬-২৭ অর্থবছরে অনুদানের পরিমাণ ও রোগের আওতা বাড়িয়ে প্রণয়ন করা হয়েছে ‘ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, ২০২৬ (সংশোধিত)’।
সে কারণেই আগের অর্থবছরের অপেক্ষমাণ আবেদন স্থানান্তর না করে নতুন নীতিমালার আলোকে সংশ্লিষ্ট রোগীদের কাছ থেকে নতুন করে আবেদন আহ্বান করে অনুদানের অর্থ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।