২০০ ব্যবসায়ী নেতাকে নিয়ে উজবেকিস্তানে রুবিও, এরপর ভারতে
ছবিঃ সংগৃহীত
এ সপ্তাহে একটি বড় ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে উজবেকিস্তান যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যেখানে মধ্য এশিয়ার পাঁচ দেশের সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠকেও তিনি যোগ দেবেন। সেই সফর শেষে তাঁর গন্তব্য ভারত।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ কথা জানায়।
সফরের প্রথম ধাপে ১৭ থেকে ২২ অক্টোবর তিনি থাকবেন উজবেকিস্তানের সমরকন্দে। সেখানে ‘সি৫+১’ মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি কাজাখস্তান, কিরগিজ প্রজাতন্ত্র, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ঐতিহাসিক সফরে পররাষ্ট্রমন্ত্রী রুবিও ২০০ জনের বেশি ব্যবসায়ী নেতাকে নিয়ে গঠিত একটি মার্কিন বাণিজ্যিক প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও মধ্য এশিয়ার মধ্যে বাণিজ্যিক সহযোগিতা জোরদারে নতুন যুগের সূচনা হবে।’
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে হোয়াইট হাউসে মধ্য এশিয়ার সম্পদসমৃদ্ধ পাঁচ দেশের নেতাদের স্বাগত জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
উজবেকিস্তানের পর রুবিও যাবেন ভারতে—চলতি বছরে এটি হবে তাঁর দ্বিতীয় সরকারি ভারত সফর। ১৭ থেকে ২২ অক্টোবর তিনি মুম্বাই ও জামনগর শহরে অবস্থান করবেন এবং দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত অংশীদারত্ব জোরদার করা, আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় এবং জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা—এসবই সফরের লক্ষ্য।
বাণিজ্যিক বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার সুযোগ বাড়াতে ব্যবসায়ী নেতাদের সঙ্গেও রুবিও বৈঠক করবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সর্বশেষ গত মে মাসে ভারত সফরে গিয়ে চার দিনে দেশটির চারটি শহর ঘুরেছিলেন রুবিও। চীনের উত্থানে প্রভাবিত বিশ্বব্যবস্থায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক প্রশাসনগুলো ভারতকে সমমনা অংশীদার হিসেবেই দেখে আসছিল।
তবে সেই নীতিতে বদল এনেছেন ট্রাম্প—সাময়িকভাবে উচ্চ শুল্ক আরোপ করেছেন এবং ভারতের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছেন।