ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদের
ছবিঃ সংগৃহীত
যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদ আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে গিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদার করা নিয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।
ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান এবং যুক্তরাজ্যের টাওয়ার হেমলেটসে অনেক বাংলাদেশি বসবাস করেন। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এবং উভয় দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়ে তিনি বিশেষ করে যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সুসম্পর্কের কথা উল্লেখ করে স্পিকার মোস্তাক আহমেদ আশাবাদ ব্যক্ত করেন, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধন আরও সুদৃঢ় হবে।
সাক্ষাৎকালে মোস্তাক আহমেদের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের দুজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।