গুজব ঠেকাতে প্রতিদিন ফ্যাক্ট চেক অনুষ্ঠানের প্রস্তাব প্রেস সচিবের
ছবিঃ সংগৃহীত
সাইবার সিকিউরিটি আইনের প্রয়োজন রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী মন্তব্য করেছেন, এই আইন যেন মূলধারার সাংবাদিকতাকে ব্যাহত না করে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘ডিআরইউর নতুন সদস্য বরণ অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব সালেহ শিবলী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে পড়া মোকাবিলায় একটি সুসংগত আইন থাকা প্রয়োজন; একই সঙ্গে আইন প্রণয়নের সময় সাংবাদিকতার স্বাধীনতা ও মূলধারার সংবাদমাধ্যমের ভূমিকার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। আইন প্রণয়নের পর প্রয়োজন অনুযায়ী তাতে সংশোধন, সংযোজন বা বিয়োজন করা যেতে পারে বলে জানান তিনি। তবে রাষ্ট্র ও সমাজে নীতি-নৈতিকতা, আইনশৃঙ্খলা এবং নিয়মশৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য কার্যকর আইনি কাঠামো থাকা জরুরি বলে উল্লেখ করে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের শিকার সাধারণ মানুষের সুরক্ষায়ও সরকারের দায়িত্ব রয়েছে।
গুজব মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রেস সচিব প্রস্তাব দেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিদিন ফ্যাক্ট চেক বা তথ্য যাচাইভিত্তিক অনুষ্ঠান প্রচার করা যেতে পারে। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্যের সত্যতা যাচাইয়ের সুযোগ পাবে মানুষ এবং গুজবের বিস্তার কমবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন, আর সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
স্বাগত বক্তব্যে ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিম জানান, ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত চার শর বেশি রিপোর্টার এবার ডিআরইউর সদস্য পদের জন্য আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে সংগঠনের নিয়ম অনুসারে সদস্যপদ পেয়েছেন মাত্র ৪০ জন।