টুপটুপ ট্র্যাজেডির ছয় দিনের মাথায় কক্সবাজারে ফের হোটেলে আগুন
ছবিঃ সংগৃহীত
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে আগুন লেগেছে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের আবাসিক হোটেল ‘দ্য সি প্রিসেন্স’-এ। আগুনের সূত্রপাতের সময় হোটেলটিতে তিন শতাধিক পর্যটক ছিলেন। আগুন লাগার পরপরই তাঁরা সবাই নিরাপদে বাইরে বেরিয়ে আসেন।
বিকেল ৪টার দিকে হোটেলের নিচতলায় পার্কিংয়ের জায়গা থেকে আগুন ছড়ায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে যায়। ফায়ার সার্ভিস ও হোটেল কর্তৃপক্ষ মিলে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ বেশ কিছু অংশের ক্ষতি হয়েছে।
দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, খবর পাওয়ামাত্র কাছের ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাঁর ভাষ্য, জেনারেটরে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
হোটেলটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন দ্য সি প্রিসেন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের। তিনি বলেন, কর্মীদের দক্ষতার কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি, পর্যটকেরাও নিরাপদে আছেন।
এর আগে গত ১৭ অক্টোবর (শনিবার) উখিয়ার ইনানী এলাকার আবাসিক প্রতিষ্ঠান টুপটুপ রিসোর্টে আগুন লেগে ১০ জন পর্যটকের মৃত্যু হয়।