
অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, ভিডিও ছড়ানোর পর কুমিল্লায় চারজন গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত
অস্ত্রের ভয় দেখিয়ে সড়কে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে নগরীর টমছম ব্রিজ এলাকা থেকে তাঁদের ধরা হয়। এ সময় তাঁদের কাছ থেকে উদ্ধার হয় একটি চাপাতি।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান আজ বুধবার দুপুরে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেন। বিকেলে আদালতের মাধ্যমে চারজনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা নগরীর ৭ নম্বর ওয়ার্ডের মাঝিগাছা (ফারুকী হাউজ) এলাকার শাহজালালের ছেলে জাহিদ হাসান (১৯), ৮ নম্বর ওয়ার্ডের কাপ্তান বাজার (গয়ামবাগিচা) এলাকার সোহাগ মিয়ার ছেলে মাসুম বিল্লাল (২১), আদর্শ সদর উপজেলার নন্দীর বাজার এলাকার মাহালমের ছেলে মো. জাহিদ (২২) এবং মুরাদনগর উপজেলার ইলিয়টগঞ্জ এলাকার মৃত জসিমের ছেলে জীবন ওরফে সাগর (২২)।
পুলিশ জানায়, ছিনতাইয়ের ঘটনাটি ঘটে গত ২৬ অক্টোবর দিবাগত রাতে, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখার পেছনের সড়কে। দুর্বৃত্তরা প্রকাশ্যেই অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নজরে আসে। জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের জন্য তিনি কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে নির্দেশ দেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, পুলিশ সুপারের নির্দেশে মঙ্গলবার দিবাগত রাতে নগরীর টমছম ব্রিজের ইবনে সিনা ডি-ল্যাব সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ভাইরাল ওই ছিনতাইয়ে জড়িত জাহিদ হাসান ও জীবনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়, জব্দ করা হয় একটি চাপাতি।
এ ঘটনায় আজ সকালে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি। বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
সূত্র
মূল প্রতিবেদন: আজকের পত্রিকা
