ছবিঃ সংগৃহীত
১৮-১৯ বছর বয়স থেকেই পরিবার বিয়ের জন্য একের পর এক পাত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। কিন্তু কারও সঙ্গেই সম্পর্ক এগোয়নি। বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মেয়ে সাবা আলী খান পটৌদী এবার মুখ খুলেছেন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে—বয়স পঞ্চাশের কোঠায় পৌঁছালেও মনের মতো জীবনসঙ্গী আজও আসেনি তাঁর জীবনে।
শুধু বয়স হয়েছে বলে বিয়ের বাঁধনে জড়াতে চান না সাবা। তিনি খুঁজছেন এমন একজনকে, যাঁর সঙ্গে মানসিকতার মিল থাকবে।
প্রচারের আলো থেকে দূরে থাকতেই বরাবর পছন্দ করেন সাবা। অভিনয়ে না এসে বেছে নিয়েছেন ভিন্ন পেশা—তিনি গয়না নকশাকার। পাশাপাশি ট্যারো কার্ড পাঠ ও নানা আধ্যাত্মিক অনুশীলনে যুক্ত আছেন। মানুষের মন, শরীর ও আত্মার ভারসাম্য ফেরাতেও কাজ করেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম, বিয়ে ও জীবনসঙ্গী নিয়ে নিজের ভাবনার কথা বলেছেন সাবা আলী খান। জানিয়েছেন, জীবনে কখনো প্রেমের সম্পর্কে জড়াননি। পরিবারের দেখা পাত্রদের কারও সঙ্গেই শেষ পর্যন্ত সম্পর্ক গড়ায়নি, কারণ নিজের পছন্দ আর প্রত্যাশার সঙ্গে মেলে এমন কাউকে পাননি তিনি।
জীবনসঙ্গী বাছাইয়ে বাবার ব্যক্তিত্বের প্রভাবের কথাও বলেছেন সাবা। বাবার আত্মবিশ্বাস, দায়িত্ববোধ, নম্রতা ও ব্যক্তিত্ব তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছে। তাই জীবনসঙ্গীর মধ্যেও এমন গুণ খুঁজেছেন তিনি।
ছোটবেলা থেকেই স্বাধীনভাবে বাঁচতে আর নিজের দায়িত্ব নিজে নিতে শিখেছেন সাবা। তাই পাশে চান এমন একজনকে, যিনি তাঁর স্বাধীনতাকে সম্মান করবেন, নিজের দায়িত্ব বুঝবেন এবং সম্পর্কে আন্তরিক থাকবেন। কিন্তু এত বছরেও সেই মানুষের দেখা মেলেনি।
তবে ভালোবাসা বা বিয়ের সম্ভাবনা জীবন থেকে পুরোপুরি বাদ দেননি শর্মিলা-কন্যা। তাঁর বিশ্বাস, পঞ্চাশে এসেও নতুন করে ভালোবাসা খুঁজে পাওয়া যায়। মাঝেমধ্যে একজন সঙ্গীর অভাব যে অনুভব করেন, তা-ও স্বীকার করেছেন। একসঙ্গে পথ চলার মতো কেউ থাকলে ভালো লাগত বলেও জানিয়েছেন সাবা।
সামাজিক রীতি বা বয়সের চাপে বিয়ের সিদ্ধান্ত নিতে তিনি রাজি নন। টাকাপয়সা বা বাইরের সৌন্দর্যের চেয়ে একজন মানুষের ব্যক্তিত্ব, মানসিকতা আর পারস্পরিক সম্মানকেই বেশি গুরুত্ব দেন সাবা।
সূত্র
মূল প্রতিবেদন: আনন্দবাজার

