
রাজশাহীতে মুন্না, ঢাকা উত্তরে সোহেল, দক্ষিণে মঞ্জুর মঈন: ৩ সিটিতে সিপিবির মেয়র প্রার্থী
ছবিঃ সংগৃহীত
সিটি করপোরেশন নির্বাচনে রাজশাহী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণে মেয়র পদে তিনজনের নাম ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রাজশাহীতে লড়বেন রাগিব আহসান মুন্না, ঢাকা উত্তরে হাসান হাফিজুর রহমান সোহেল আর ঢাকা দক্ষিণে মঞ্জুর মঈন।
দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতনের সই করা এক বিবৃতিতে আজ মঙ্গলবার এ ঘোষণা আসে। পার্টির ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সিপিবি মনোনীত ও সমর্থিত প্রার্থীদের নাম ধাপে ধাপে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
রাগিব আহসান মুন্না সিপিবির প্রেসিডিয়াম সদস্য; রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) ছিলেন তিনি। হাসান হাফিজুর রহমান সোহেল দলের ঢাকা মহানগর উত্তর জেলা কমিটির সভাপতি। আর মঞ্জুর মঈন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক।
বিবৃতিতে আবদুল্লাহ ক্বাফী রতন জানান, স্থানীয় সরকারের ক্ষমতায়ন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বার্থে সিটি করপোরেশনগুলোকে সত্যিকারের স্বায়ত্তশাসিত নগর সরকার হিসেবে গড়ে তোলার লড়াই করছে দলটি। তাঁর মতে, স্থানীয় সরকারকে কার্যকর ও শক্তিশালী না করে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়া সম্ভব নয়।
নগরবাসীর নাগরিক অধিকার, পরিকল্পিত নগরায়ণ, যানজট ও জলাবদ্ধতা দূর করা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহন, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ দরকার বলেও উল্লেখ করেন তিনি। নিম্ন ও মধ্যবিত্তসহ সব শ্রেণির মানুষের আবাসন ও জীবিকার অধিকার রক্ষায়ও সিটি করপোরেশনকে ভূমিকা রাখতে হবে।
নাগরিক সেবার বাইরে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান তৈরি, উদ্যোক্তা বিকাশ আর উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতেও সিটি করপোরেশনকে সক্রিয় হওয়ার আহ্বান জানান রতন।
সিটি করপোরেশনগুলোতে বিনা ভোটে প্রতিষ্ঠিত দলীয় কর্তৃত্ব ও দখলদারত্বের অবসান চেয়ে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোটে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতেই স্থানীয় সরকারের দায়িত্ব দিতে হবে। তাতে নগরবাসী নিজেদের শহরের উন্নয়ন, পরিকল্পনা ও পরিচালনায় কার্যকরভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন।
সূত্র
মূল প্রতিবেদন: আজকের পত্রিকা
