ভাঙা পড়ছে নটর ডেমের ঐতিহ্যবাহী হ্যারিংটন ভবন, শেষবার স্মৃতি ছুঁয়ে যাওয়ার ডাক সাবেকদের
ছবিঃ সংগৃহীত
সাবেক শিক্ষার্থীদের (NDC Alumni) প্রতি নটর ডেম কলেজ কর্তৃপক্ষের আহ্বান— কলেজের ঐতিহ্যবাহী মূল ‘হ্যারিংটন ভবন’ ভাঙা পড়ার আগে তারা যেন পুরোনো ক্লাসরুম আর প্রাঙ্গণের স্মৃতি শেষবারের মতো ছুঁয়ে দেখে যান। এমন ঘোষণায় সাবেকদের মনে গভীর আবেগ তৈরি হয়েছে।
কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও মঙ্গলবার সাবেক শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া একটি বার্তার মাধ্যমে এই আহ্বান রাখেন।
অধ্যক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, কলেজের পুরোনো মূল ভবনটি ভাঙার পর সেই স্থানে নতুন ভবন গড়ে তোলা হবে। সেখানে ৮ তলাবিশিষ্ট একটি ভবন নির্মাণের প্রস্তাব দেওয়া আছে; প্রস্তাবটি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়।
এই ঐতিহাসিক ভবনের শ্রেণিকক্ষগুলোতে অগণিত সাবেক শিক্ষার্থী লেখাপড়া করেছেন এবং ভবনটির প্রতিটি কোনায় তাদের অসংখ্য অমূল্য স্মৃতি জমা হয়ে আছে— বার্তায় সে কথা স্মরণ করিয়ে দেন অধ্যক্ষ। কলেজ কর্তৃপক্ষ সাবেকদের সাদরে আমন্ত্রণ জানিয়েছে, যাতে তারা সেসব স্মৃতিকে আবার জীবন্ত করে তুলতে পারেন এবং ক্যাম্পাসের ছবি তুলে ভালোবাসার চিহ্নটুকু ফ্রেমবন্দী করে রাখতে পারেন।
ঘোষিত পরিকল্পনায় দেখা যায়, ভবনটি ভাঙার কাজ শুরু হওয়ার কথা রয়েছে আগামী ১ অক্টোবর থেকে। বিবৃতির ভাষ্য, নটর ডেম কলেজ গভীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে— স্মৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রেখে সাবেক শিক্ষার্থীদের আরেকবার প্রাঙ্গণে স্বাগত জানাবে বলে।