না ফেরার দেশে ঢাবির প্রাণিবিদ্যার অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার
ছবিঃ সংগৃহীত
৭৮ বছর বয়সে ইন্তেকাল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা চলাকালে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।
প্রাণিবিদ্যা বিভাগের হয়ে তার প্রয়াণে শোক জানিয়েছেন বিভাগীয় চেয়ারম্যান ড. মো. আমিনুল ইসলাম ভূঁইয়া।
তার অসামান্য অবদান রয়েছে বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণে এবং এ-সংক্রান্ত গবেষণায়।
ঝালকাঠি জেলায় ১৯৪৮ সালে অধ্যাপক ড. নূরজাহান সরকারের জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি নেন ১৯৭১ সালে; এরপর ১৯৭৪ সালে পিএইচডি অর্জন করেন ফ্রান্সের বোর্দো বিশ্ববিদ্যালয় থেকে।
প্রভাষক পদে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে যোগদান করেন ১৯৭৫ সালে। জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি হিসেবে তিনি নানা সম্মাননা লাভ করেন, যার মধ্যে রয়েছে ‘অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০১৫’। তার শতাধিক গবেষণাপত্র দেশি-বিদেশি জার্নালে ছাপা হয়েছে; বন্যপ্রাণী নিয়ে তার একাধিক গ্রন্থও আছে।