ইনসুলিন উৎপাদন বাড়াতে এসকেএফকে অর্থায়ন করছে ব্র্যাক ব্যাংক
ছবিঃ সংগৃহীত
এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাদের ইনসুলিন উৎপাদনের সক্ষমতা বাড়াতে যাচ্ছে, আর সে জন্য প্রতিষ্ঠানটিকে অর্থায়ন সুবিধা দিচ্ছে ব্র্যাক ব্যাংক। দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও জীবনরক্ষাকারী এই ওষুধের সরবরাহ বাড়ানোই এ অর্থায়নের লক্ষ্য।
ব্র্যাক ব্যাংক আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।
বিজ্ঞপ্তির ভাষ্য অনুযায়ী, ডেনমার্কভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানি নভো নরডিস্ক বিশ্বের শীর্ষ ইনসুলিন প্রস্তুতকারকদের একটি। দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর অন্যতম এসকেএফ ফার্মাসিউটিক্যালস এই কোম্পানির অংশীদার হয়ে অনেক দিন ধরেই ইনসুলিন উৎপাদন করছে। অংশীদারত্বের আওতায় ভায়াল ও পেনফিল—দুই ফরম্যাটেই ইনসুলিন তৈরি করছে এসকেএফ। ডায়াবেটিস রোগীরা যাতে মানসম্মত ইনসুলিন পান, তা নিশ্চিত করতে এটি সহায়ক হচ্ছে।
এসকেএফ এখন ইনসুলিন ভায়াল উৎপাদনের তৃতীয় লাইন বসাচ্ছে, যা তাদের ব্যবসা সম্প্রসারণেরই অংশ। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে এবং দেশ-বিদেশে বেড়ে চলা চাহিদা মেটাতে তা সহায়ক হবে। দেশের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য উৎপাদন খাতে কৌশলগত বিনিয়োগের যে প্রতিশ্রুতি ব্র্যাক ব্যাংক ঘোষণা করেছে, এসকেএফকে দেওয়া এই অর্থায়ন সুবিধায় তারই প্রতিফলন ঘটেছে।
এতে দেশের উৎপাদন সক্ষমতা আরও শক্তিশালী হবে, একই সঙ্গে বাড়বে জীবনরক্ষাকারী ইনসুলিনের সরবরাহ। স্থানীয় উৎপাদন বাড়ানো ও আমদানির ওপর নির্ভরতা কমানোর ক্ষেত্রেও উদ্যোগটি ভূমিকা রাখবে; পাশাপাশি ওষুধ উৎপাদন ও রপ্তানির কেন্দ্র হিসেবে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করতেও তা কাজে আসবে।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এ অর্থায়ন নিয়ে বলেন, ‘বাংলাদেশে ইনসুলিনের উৎপাদন বাড়ানো মানে মানুষের প্রতিদিনের প্রয়োজনীয় ওষুধের ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা তৈরি করা। এসকেএফের উৎপাদন বৃদ্ধিতে অর্থায়নের মাধ্যমে আমরা যেমন দেশের স্বাস্থ্য খাতকে আরও সমৃদ্ধ ও স্বাবলম্বী করছি, তেমনি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদনশিল্পকে এগিয়ে নিতেও সহায়তা করছি।’