গুলশানের বাসা থেকে চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার
ছবিঃ সংগৃহীত
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের হাতে গ্রেফতার হয়েছেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা।
গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের একটি বাড়ি থেকে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আটক হন তিনি।
গ্রেফতারের খবরটি মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিশ্চিত করেন ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁন।
তিনি জানান, গোপন সংবাদ পেয়ে রাতে অভিযান চালানো হয় গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের ২৯ নম্বর বাসায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের এই সাবেক সংসদ সদস্য ওই বাসা থেকেই গ্রেফতার হন। এরপর তাকে নিয়ে যাওয়া হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিসি আরও জানান, চট্টগ্রামের সন্দ্বীপ থানার একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে গ্রেফতার মিতার।
চট্টগ্রাম-৩ আসন থেকে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন মাহফুজুর রহমান মিতা। একাদশ জাতীয় সংসদে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে ছিলেন তিনি।