
ক্রসিংয়ে দাঁড়ানো ট্রেনে হামলা: দামুড়হুদায় লোকোমাস্টার ও সহকারীকে কুপিয়ে মোবাইল-টাকা ছিনতাই
ছবিঃ সংগৃহীত
ভোররাত তখন ৩টা ২০ মিনিটের মতো। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় ক্রসিংয়ের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল একটি মালবাহী ট্রেন। সেখানে ইঞ্জিনের কাচ ভেঙে কেবিনে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। ঘটনাটি মঙ্গলবারের (১৭ নভেম্বর)।
দুজনের মোবাইল ফোন, নগদ টাকা, এমনকি পরনের কাপড়চোপড়ও ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।
রেলওয়ে ও পুলিশ সূত্র জানায়, ঈশ্বরদী থেকে ছেড়ে খুলনার পথে যাওয়া একটি খালি বিটিও ট্যাংকার ট্রেন ক্রসিংয়ের জন্য ওই এলাকায় থেমে ছিল। একদল দুর্বৃত্ত ইঞ্জিন কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেনকে এলোপাতাড়ি কোপায়। এরপর তাঁদের মোবাইল ফোন, নগদ টাকা ও পরনের কাপড়চোপড় নিয়ে পালিয়ে যায়।
হামলার পর ট্রেনটিকে উথলী রেলস্টেশনের লুপ লাইনে নেওয়া হয়। স্থানীয়দের সহযোগিতায় আহত দুই রেলকর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রেলওয়ে সূত্র জানিয়েছে, ঈশ্বরদী থেকে বিকল্প চালক এসে পৌঁছালে ট্রেনটি খুলনার উদ্দেশে ছাড়বে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, তিনি ঘটনাস্থল ঘুরে দেখেছেন; জায়গাটি নির্জন। দুর্বৃত্তরা ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা চালিয়েছে, নাকি পেছনে অন্য কোনো কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্র
মূল প্রতিবেদন: বাংলাদেশ প্রতিদিন
