অন্য দেশের চেয়ে বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী
ছবিঃ সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, জ্বালানি সংকট সামাল দিতে সরকারের চেষ্টা অব্যাহত আছে। তিনি বলেন, বাংলাদেশে জ্বালানি তেলের দাম বিশ্বের অন্য দেশগুলোর চেয়ে অনেক কম। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। জ্বালানিতে আমরা ভর্তুকি দিয়ে যাচ্ছি। দাম সমন্বয় করার পরও লোকসান দিতে হচ্ছে।
এক ব্রিফিংয়ে সোমবার দুপুরে এ দাবি করেন তিনি। বর্তমানে বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম কেমন, সেই চিত্রও এ সময় তুলে ধরেন। রিজভী বলেন, জ্বালানি সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছে। জ্বালানি তেল কীভাবে কম দামে সরবরাহ করা সম্ভব, সে বিষয়ে আলোচনায় না গিয়ে বিরোধী দলের লংমার্চে সরকারের বিরুদ্ধে যে ধরনের ভাষা প্রয়োগ করা হয়েছে, তা কাম্য নয়।
বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না, যদি এক দফার হুঁশিয়ারি দেওয়া হয়—এমন কথাও বলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব।
রাজধানী ও দেশের বিভিন্ন জেলায় বাসে আগুন এবং ককটেল বিস্ফোরণের যেসব ঘটনা ঘটেছে, সেগুলো দেশকে অস্থিতিশীল করে তোলার পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেন রিজভী। সরকারের জনকল্যাণমূলক পদক্ষেপ ও সামাজিক উন্নয়ন কর্মসূচিগুলো ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যও ষড়যন্ত্র চলছে বলে তিনি দাবি করেন।