অপ্রতিম হত্যার বিচার দ্রুত শেষ করার আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
ছবিঃ সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করেছেন, রামিসা হত্যার বিচারের মতো অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারও অল্প সময়ের ভেতর সম্পন্ন করা সম্ভব হবে। তিনি বলেন, ‘বিচার করবেন আদালত। আমরা আমাদের আইনানুগ প্রক্রিয়াগুলো সম্পন্ন করে চার্জশিট দাখিলের মাধ্যমে সহযোগিতা করব।’
সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ রোববার দুপুরে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়; সেখানেই এসব কথা বলেন তিনি।
কুমিল্লার ঘটনাটি সারা দেশের মানুষকে মর্মাহত করেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, মরদেহ উদ্ধার হয়েছে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে; আর সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যায় জড়িত সন্দেহে চারজন গ্রেপ্তার হয়েছে ১২ ঘণ্টার মধ্যে। ঘটনায় নিজেদের সম্পৃক্ত থাকার কথা গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছে।
তিনি বলেন, এ ঘটনায় জড়িত কিশোরদের মধ্যে দুজনের বয়স সম্ভবত ১৮ বছরের বেশি, আর একজনের বয়স কম হতে পারে; তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে দেখা হচ্ছে। অনেকটা কিশোর অপরাধ চক্রের মতো তারা। নিহত ছেলেটির সঙ্গে তাদের বন্ধুত্ব, সম্পর্ক ও ওঠাবসা ছিল, প্রায়ই তারা আড্ডায় বসত। খোঁজখবর নিয়ে এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, অপ্রতিমের তুলনায় তারা ৫ থেকে ১০ বছরের বড়।
স্বরাষ্ট্রমন্ত্রী এ-ও জানান, ‘যে মোবাইল ফোনকে ঘিরে ঘটনাটি ঘটেছে, সেটি প্রধান সন্দেহভাজন আসামি তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘সব আলামত পাওয়া গেছে এবং তারা ঘটনার কথা স্বীকার করেছে। পুলিশ এখন অন্যান্য আইনানুগ কার্যক্রম চালাচ্ছে।’
পুলিশ মাত্র ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন সব আসামিকে গ্রেপ্তার করতে এবং আলামতসহ প্রয়োজনীয় সবকিছু জব্দ করতে সক্ষম হয়েছে—এ কথা বলে বাহিনীটির ভূমিকার প্রশংসা করেন তিনি।
প্রসঙ্গত, অপ্রতিম শুক্রবার বিকেল ৩টায় মায়ের আইফোন সঙ্গে নিয়ে বাসা থেকে বেরিয়েছিল বন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্য; তারপর আর বাসায় ফেরেনি সে। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে লালমাই পাহাড়ের জঙ্গল থেকে, জায়গাটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামে।