আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই, হবে বাধ্যতামূলক: আমিনুল হক
ছবিঃ সংগৃহীত
আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে ‘খেলাধুলা’ নামে একটি নতুন বই যুক্ত হচ্ছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ তথ্য জানিয়ে বলেছেন, সরকার চায় পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠুক এবং নতুন প্রজন্ম সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ হিসেবে গড়ে উঠুক; সেই লক্ষ্যেই এ উদ্যোগ।
শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-১৬ আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সেখানে সংবর্ধনা দেওয়া হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘জীবনের লক্ষ্য এখনই নির্ধারণ করতে হবে। সেই লক্ষ্য অর্জনে পড়াশোনার কোনো বিকল্প নেই। তবে সুস্থ শরীর ও সুস্থ জাতি গঠনে খেলাধুলাও সমান গুরুত্বপূর্ণ। নতুন বইয়ে খেলাধুলার উপকারিতা, পুষ্টি এবং সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় খাবার সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারবে।’
শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষকদের আবাসনের ব্যবস্থা করতে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, বক্তব্যে সেগুলোও তুলে ধরেন আমিনুল হক। তিনি জানান, পল্লবী ও রূপনগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নের জন্য ইতোমধ্যে ডিও লেটার দেওয়া হয়েছে। আর শিক্ষকদের পৃথক আবাসনের ব্যবস্থা করতে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে, প্রয়োজনে প্রস্তাব যাবে প্রধানমন্ত্রীর কাছে।
রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে ঐক্যবদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিগত ১৭ বছরের ইতিহাস আবার ফিরে আসুক, তা কেউ চায় না। শিক্ষার্থীদের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হলে শিক্ষক, অভিভাবক, সরকার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবিশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের শিক্ষাপ্রতিষ্ঠান পর্ষদের সভাপতি মইনুল হক মঈন, এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হাফিজুর রহমান সরকারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।