আজ দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত
ছবিঃ সংগৃহীত
আজ বৃহস্পতিবারও দেশের বাজারে স্বর্ণ বিক্রি হবে সর্বশেষ ঠিক করা দামেই। পরপর তিন দফা কমার পর সর্বশেষ শনিবার স্বর্ণের দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সে দফায় ভালো মানের স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা, যা কার্যকর হয় সেদিন সকাল ১০টা থেকে।
বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দাম নতুন করে ঠিক করা হয়েছে।
নতুন দরে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ভরিপ্রতি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। আর ২১ ক্যারেটের ক্ষেত্রে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে প্রতি ভরির দাম করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা।
পাশাপাশি ৯৩৩ টাকা বাড়ানোয় ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকায়। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৭৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
বাজুস আরও জানিয়েছে, নকশা অনুযায়ী অলংকারের মজুরিতে তারতম্য থাকবে। তবে গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না, কেননা স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট ধরা আছে।