ছবিঃ সংগৃহীত
ভারতের ক্রিকেট দলগুলো ফের আলোচনায় উঠে আসতে পারে, এবার এশিয়ান গেমস ২০২৬-এ পদক গ্রহণকে ঘিরে। এর আগে সম্প্রতি এশিয়া কাপের ট্রফি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
এশিয়া কাপ ক্রিকেটে পুরুষ ও নারী—উভয় বিভাগের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। অথচ শিরোপা জেতার পর আনুষ্ঠানিক পুরস্কার বিতরণীতে দুই দলের কোনোটিই ট্রফি গ্রহণ করেনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি দুই অনুষ্ঠানেই হাজির ছিলেন। এখন প্রশ্ন দেখা দিয়েছে, জাপানে চলমান এশিয়ান গেমসেও যদি একই ঘটনার পুনরাবৃত্তি হয়, তখন কী হবে।
এশিয়ান গেমসের পরিচালনায় আছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ), যদিও এশিয়া কাপ আয়োজিত হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে। ওসিএর নিয়মে পদক তুলে দেওয়ার কাজটি করেন সংস্থাটির সভাপতি। তবে তিনি ইচ্ছা করলে ওসিএর অন্য সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট আন্তর্জাতিক বা এশীয় ফেডারেশনের প্রতিনিধিদের হাতেও এ দায়িত্ব অর্পণ করতে পারেন।
পদক তুলে দেওয়ার কাজটি এশিয়ান গেমসে নাকভি করবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চয়তা নেই। বিজয়ী দলের পুরস্কার বিতরণী আয়োজন করবে ওসিএ, এ-সংক্রান্ত সিদ্ধান্তও তাদের। কিন্তু দায়িত্বটি যদি শেষমেশ নাকভির কাঁধেই বর্তায়, তাহলে ফের বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হবে ভারতকে।
ভারত ইতিমধ্যে নারী ইভেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে। আগামীকাল দুপুরে সেই ফাইনালে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
২৪ সেপ্টেম্বর মাঠে গড়াবে পুরুষদের ইভেন্ট।