কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী
ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান সবার প্রতি আহ্বান জানিয়েছেন, উন্নত ও স্বপ্নের একটি বাংলাদেশ গড়ার কাজে যেন সবাই এগিয়ে আসেন। রাজধানী ঢাকায় শনিবার সকালে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। দেশের এই অগ্রযাত্রায় বিশেষভাবে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা ও গবেষকদের সম্পৃক্ত হওয়ার বিষয়ে গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী দেশ পরিচালনার কাজে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তাই আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করি।”
অনুষ্ঠানে অন্য বক্তারা যে গঠনমূলক আলোচনা করেছেন, তার প্রশংসাও করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “বিশেষ করে ডক্টর আনিসুজ্জামান উদ্ভাবন বিষয়ে যে আলোচনা ও প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন, তা আমাদের আগামী দিনের কাজের রূপরেখা স্পষ্ট করে দিয়েছে। এই পরিকল্পনাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে পারলেই আমরা আমাদের লক্ষ্য অর্জনে সফল হব।”
সার্বিকভাবে দেশের উন্নয়নে ব্যবসায়ী ও উদ্ভাবকদের অবদানের বিষয়টিও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, “রাষ্ট্রের বর্তমান চাহিদা মেটাতে সবাইকে উদ্ভাবনী মানসিকতা নিয়ে সামনে আসতে হবে। উদ্যোক্তা ও গবেষকদের যেকোনো প্রয়োজনে সরকার সবসময় পূর্ণ সহযোগিতা প্রদান করবে।”
ভাষণ শেষ করে প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্বনামধন্য ব্যবসায়ীদের পাশাপাশি দেশ-বিদেশের নানা পর্যায়ের গবেষক ও উদ্ভাবকেরা এ আয়োজনে হাজির ছিলেন। বক্তাদের মধ্যে আরও ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বুয়েটের অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব।