ছবিঃ সংগৃহীত
ডেল্টা এয়ার লাইন্সের একটি যাত্রীবাহী বিমান রোববার পর্তুগালের পোর্তো বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে; এর আগে বিমানটির কেবিনে ধোঁয়া শনাক্ত হয়। দেশটির বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে চার যাত্রীকে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গণমাধ্যমের খবর অনুযায়ী, ২৯৬ জন যাত্রী নিয়ে বিমানটি যাচ্ছিল স্পেনের বার্সেলোনা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনের উদ্দেশে। মাঝপথে কেবিনে ধোঁয়া শনাক্ত হওয়ার পর গতিপথ বদলে বিমানটিকে পর্তুগালের পোর্তো বিমানবন্দরে অবতরণ করানো হয়।
দেশটির বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি উত্তর পর্তুগালের ওই বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে; এরপর ১৪ জন যাত্রীর সহায়তার দরকার পড়ে।
তাঁদের মধ্যে চারজনকে হাসপাতালে নেওয়া হয় ধোঁয়া শ্বাসে নেওয়ার কারণে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা ‘সামান্য’ আক্রান্ত হয়েছেন, তাঁদের অবস্থা গুরুতর নয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ঘটনার কারণ জানা যায়নি।