চরফ্যাশনে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ছবিঃ সংগৃহীত
চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করে চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকা। সেখানে সংবর্ধনা পেয়েছে ভোলার চরফ্যাশন উপজেলার সেসব কৃতী শিক্ষার্থী, যারা ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে।

ছবিঃ সংগৃহীত
অনুষ্ঠানের সভাপতি ছিলেন চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। এতে কথা বলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, বিএনপির সাবেক সম্পাদক মোতাহার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কয়সর আহমেদ কমল, ভোলা জেলা বিএনপির নেতা হেলাল উদ্দিন টিপু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন ও চরফ্যাশন আদালতের এডিশনাল জিপি অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বরসহ নানা শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তাদের মধ্যে আরও ছিলেন চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আলাউদ্দিন, চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল আমিন, জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ সিকদার, সরকারি টি.বি. মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা বেগম, চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকার সেক্রেটারি রিয়াজুল ইসলাম বাদল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান রনভী।
চরফ্যাশন উপজেলা সমিতির কর্মকর্তা ও বিশিষ্ট ব্যাংকার শামসুদ্দিন নির্ঝর ছিলেন অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে।
উপজেলার শীর্ষ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের হয়ে অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট নেন চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল আমিন, চরফ্যাশন সরকারি টি.বি. মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা বেগম এবং চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা বেগম।
পরে জিপিএ-৫ পাওয়া কৃতী ৬০ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও ব্যাগসহ বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়।
বক্তারা বলেন, ভালো ফল শুধু শিক্ষার্থীদের একার সাফল্য নয়; পরিবার, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও তা গৌরব বয়ে আনে। কৃতী শিক্ষার্থীদের এ অর্জন দেখে অন্য শিক্ষার্থীরাও ভালো ফল করতে এবং উচ্চশিক্ষার পথে এগোতে আরও অনুপ্রেরণা পাবে।
তারা আরও বলেন, ভালো ফল করার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তুলতে হবে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে। আগামী দিনে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সততা ও নিষ্ঠা নিয়ে দায়িত্ব পালন করে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বানও জানান তারা।
চরফ্যাশন উপজেলা সমিতির সহসভাপতি তৈয়বুর রহমান, অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, মো. মহিবুল্লাহ, ড. ইসমাইল মাদানী, সহসম্পাদক মো. নাছির উদ্দিন ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমানের পাশাপাশি সমিতির অন্য নেতারাও অনুষ্ঠানে হাজির ছিলেন।