চালুর দুই দিনের মাথায় আবারও উৎপাদন বন্ধ যমুনা সার কারখানায়
ছবিঃ সংগৃহীত
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানার সার উৎপাদন যান্ত্রিক ত্রুটিতে আবারও থেমে গেছে। চালু হওয়ার মাত্র দুই দিনের মাথায় এ ঘটনা ঘটল।
কারখানাটির বয়লার প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বুধবার রাতে। পরে কারখানা কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করে দেয়।
বয়লার প্ল্যান্টের ত্রুটি সারানোর কাজ চলমান আছে বলে জানিয়েছেন যমুনা সার কারখানার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন। তিনি জানান, মেরামত শেষে দুই দিনের মধ্যে উৎপাদন শুরু হতে পারে।
প্রসঙ্গত, যমুনা সার কারখানা ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত একটানা ২৩ মাস বন্ধ পড়ে ছিল; এর কারণ ছিল গ্যাস-সংকট ও নানা যান্ত্রিক ত্রুটি। গ্যাসের চাপ বাড়ার পর সেখানে উৎপাদন শুরু হয়। কিন্তু গ্যাস-সংকটের কারণে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে কারখানাটিতে উৎপাদন আবার বন্ধ হয়ে যায়।
কারখানাটির দৈনিক ১৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের ক্ষমতা রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর সেখানে গ্যাস-সংযোগ দেওয়া হয় গত ২০ সেপ্টেম্বর দুপুরে। এরপর যাবতীয় প্রস্তুতি সেরে কারখানা কর্তৃপক্ষ গত সোমবার ভোররাতে সার উৎপাদন আবার শুরু করেছিল।