চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় গরু ও মদ
ছবিঃ সংগৃহীত
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে জেলার চুনারুঘাট সীমান্ত থেকে জব্দ হয়েছে ভারতীয় গরু ও মদ। বিজিবি জানিয়েছে, প্রায় সাড়ে ৮ লাখ টাকা বাজারমূল্য এসব গরু ও মদের।
গণমাধ্যমে আজ সোমবার বেলা ১১টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান।
বিজিবি জানায়, চুনারুঘাট উপজেলাধীন সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে আমু চা-বাগান এলাকায় গতকাল রোববার বিকেলে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায় হবিগঞ্জ বিজিবির চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির একটি টহলদল। অভিযানে ওই এলাকা থেকে ৯টি ভারতীয় গরু মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। এসব গরুর আনুমানিক সিজার মূল্য ছয় লাখ ত্রিশ হাজার টাকা।
অন্যদিকে একই সময়ে চালানো পৃথক এক অভিযানে উদ্ধার হয়েছে ৬৬ বোতল ভারতীয় মদ; এর বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।
বিজিবি আরও জানায়, দেশের অর্থনীতি ও জননিরাপত্তার সুরক্ষায় এমন অভিযান চলতে থাকবে, যাতে সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধ করা যায়। একই সঙ্গে আহ্বান জানানো হয়েছে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির।