ছবিঃ সংগৃহীত
প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের টেস্ট দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার কেভিন উইকহ্যাম। অন্যদিকে চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার আলজারি জোসেফ, আর সাদা বলের অধিনায়ক শাই হোপকে দেওয়া হয়েছে বিশ্রাম।
হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে টেস্ট দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল। চোটের জন্য ঘরের মাঠে পাকিস্তান সিরিজে খেলতে পারেননি তিনি; তখন তাঁর জায়গায় সুযোগ পেয়েছিলেন কার্ক ম্যাকেঞ্জি।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এক বিবৃতিতে জানিয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে জোসেফকে দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। লাল বলের ক্রিকেটে শারীরিক চাপ বেশি থাকায় চোট এড়াতে তাঁর কাজের চাপ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, এবং সিদ্ধান্তটি নেওয়া হয়েছে জোসেফের সম্মতিতেই।
সীমিত ওভারের ক্রিকেট থেকে জোসেফকে বাদ দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
সিডব্লিউআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘যদিও তাঁকে সীমিত ওভারের ক্রিকেট থেকে বাদ দেওয়া হয়নি। টেস্ট ম্যাচে পেসারদের শারীরিক চাপ ও চোটের ঝুঁকি তুলনামূলক বেশি। দীর্ঘ সংস্করণের ক্রিকেটে পুরোপুরি ফেরার প্রস্তুতির জন্য জোসেফ চিকিৎসক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে কাজ চালিয়ে যাবেন।’
জোসেফের জায়গায় টেস্ট সিরিজের দলে এসেছেন অলরাউন্ডার কিমো পল।
এ নিয়ে টানা দ্বিতীয় টেস্ট সিরিজ মিস করছেন জোসেফ। জুলাইয়ে দল ঘোষণার সময় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছিল, ব্যক্তিগত কারণে পাকিস্তান সিরিজে তাঁকে বিবেচনা করা হয়নি।
পরে প্রধান কোচ ড্যারেন স্যামি বলেছিলেন, টেস্ট খেলতে জোসেফ ‘অস্বীকৃতি জানিয়েছেন’। একটি ক্রীড়া অনুষ্ঠানে স্যামির সেই মন্তব্যকে ‘বিতর্কিত’ ও ‘প্রেক্ষাপটবিহীন’ আখ্যা দিয়ে পাল্টা জবাব দিয়েছিলেন জোসেফ।
বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণে আছেন কেমার রোচ, জেইডেন সিলস ও শামার জোসেফ; পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তাঁদের সঙ্গে থাকছেন কিমো পল ও জাস্টিন গ্রিভস।
স্পিনে বিশেষজ্ঞ বোলার জোমেল ওয়ারিকান ও জশুয়া বিশপ, আর স্পিন আক্রমণে ভূমিকা রাখবেন অলরাউন্ডার কাভেম হজ ও অধিনায়ক রোস্টন চেজও।
সিডব্লিউআই জানিয়েছে, তিন সংস্করণে টানা খেলার পর শাই হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে; ২০২৭ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের কথা মাথায় রেখে তাঁর কাজের চাপ ও শারীরিক সুস্থতা বিবেচনায় নিচ্ছে বোর্ড।
ঘরোয়া চার দিনের প্রতিযোগিতা ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে টানা তিন ইনিংসে তিন সেঞ্চুরি করে জাতীয় দলে জায়গা পেয়েছেন উইকহ্যাম।
বার্বাডোজের হয়ে তিনি করেন যথাক্রমে ১০৫, ১৫৩ ও অপরাজিত ১০৮ রান। প্রতিযোগিতায় ৭৮.৬০ গড়ে ৩৯৩ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় ছিলেন তিনি। সব মিলিয়ে ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৪০.৮৮ গড়ে তাঁর সেঞ্চুরি ছয়টি।
চলমান ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটিই ওয়েস্ট ইন্ডিজের শেষ সিরিজ; পয়েন্ট তালিকায় দলটি এখন অষ্টম স্থানে।
লক্ষ্ণৌতে প্রথম টি-টোয়েন্টির পর দলের সঙ্গে যোগ দেবেন আমির জাঙ্গু। আগামী ১৮ অক্টোবর পুরো দল বাংলাদেশে পৌঁছাবে এবং ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকায় তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ২৮ অক্টোবর ঢাকায় এবং দ্বিতীয় টেস্ট ৫ নভেম্বর সিলেটে শুরু হবে।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দল :
রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন উইকহ্যাম।