ছবিঃ সংগৃহীত
প্রায় ২০০টি টেক দিয়েছেন অরিজিৎ সিং, একটির পর একটি—‘জয় জয় রাম’ গানের ভক্তি আর আবেগ ঠিকঠাক ফুটিয়ে তোলাই ছিল লক্ষ্য। বহুল প্রতীক্ষার মহাকাব্যিক বলিউড সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’-এর এই গানে তিনি যেন উজাড় করে দিয়েছেন আত্মার গভীর অনুভূতি।
রেকর্ডিং চলাকালে গানটির ভাবধারায় অরিজিৎ এতটাই মগ্ন হয়ে পড়েন যে প্রতিটি টেকেই এর আবেগকে নতুনভাবে গড়ে তোলার প্রয়াস চালিয়েছেন—এমন দাবি করা হয়েছে ভারতের বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক বিশেষ প্রতিবেদনে।
ওই প্রতিবেদনের ভাষ্য, সুরের কারিগরি দিককে ছাড়িয়ে গিয়ে এই ভক্তিগীতির ভাবরসে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেছিলেন অরিজিৎ। শ্রোতার হৃদয়ে যাতে প্রার্থনার মূল সুরটি পৌঁছায়, সে লক্ষ্যে নানা ভঙ্গিতে বারবার চেষ্টা চালান তিনি। সংগীতের এই বিশেষ অধ্যায়টির যেন ইতি টানতেই চাইছিলেন না—এ তথ্য থেকেই বোঝা যায় তার মগ্নতা কতটা ছিল। একের পর এক টেক নিয়ে গানের আবেগ আরও নিখুঁত করে তোলার প্রয়াস তিনি অব্যাহত রাখেন।
গণেশ চতুর্থীর শুভক্ষণে মুক্তি পেয়েছে ‘জয় জয় রাম’। ‘রামায়ণ’-এর বিশাল ক্যানভাসের দারুণ এক ঝলক এরই মধ্যে দর্শকের সামনে এনেছে গানটি। অস্কারজয়ী সুরকার এ আর রহমান এর সংগীত পরিচালক; কাব্যিক ও ভাবগম্ভীর কথাগুলো বিখ্যাত কবি ড. কুমার বিশ্বাসের লেখা। গেয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। পর্দায় রামের রূপে রণবীর কাপুর ও সীতার রূপে সাই পল্লবীকে দেখা তো আছেই, তার সঙ্গে এই গানও সিনেমাটি নিয়ে প্রত্যাশা বাড়িয়েছে বহুগুণ।
ভারতীয় মহাকাব্যনির্ভর এই প্রকল্পের পরিচালক খ্যাতিমান নির্মাতা নিতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রা। দুই খণ্ডে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চলতি বছরের ৬ নভেম্বর আসবে প্রথম পর্ব; দ্বিতীয় পর্বের মুক্তি ২০২৭ সালের দিওয়ালিতে।
তারকাবহুল ও বিশাল ক্যানভাসের এই চলচ্চিত্রে রণবীর কাপুর ও সাই পল্লবী ছাড়াও আছেন যশ, সানি দেওল ও রবি দুবে; তারা অভিনয় করছেন যথাক্রমে লঙ্কার রাজা রাবণ, হনুমান ও লক্ষ্মণের চরিত্রে। গুরুত্বপূর্ণ আরও কয়েকটি চরিত্রে রয়েছেন অরুণ গোভিল, লারা দত্ত, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং ও বিবেক ওবেরয়।
বিশাল আয়োজনের সঙ্গে হৃদয়স্পর্শী সংগীতের মেলবন্ধন ঘটায় ‘রামায়ণ’কে এখন ধরা হচ্ছে ভারতের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে আলোচিত ও বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি হিসেবে।